ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে শুক্রবার ভোররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল দুর্বৃত্ত নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে কলেজের তিনটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে কলেজের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভি ও ৫ কেভি ক্ষমতার দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে ভেতরের তামার কয়েলও চুরি করা হয়।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কলেজের অধ্যক্ষ এ.টি.এম. জহির রায়হান জানান, রাতের কোনো এক সময় ৭ থেকে ৮ জন মুখোশধারী, হাফপ্যান্ট পরিহিত দুর্বৃত্ত কলেজ ভবনের বারান্দার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর অফিস কক্ষের আলমারির তালা ভেঙে ড্রয়ার তছনছ করে তিনটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, একই রাতে কলেজসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভি ও ৫ কেভি ক্ষমতার দুটি ট্রান্সফরমার খুলে নিয়ে সেগুলো ভেঙে ভেতরের তামার কয়েল চুরি করে দুর্বৃত্তরা।
নৈশপ্রহরী কাজী রেজাউল করিম বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ৭ থেকে ৮ জন মুখোশধারী ব্যক্তি রামদা দেখিয়ে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে। তারা আমার হাত-পা বেঁধে চাবি নিয়ে অফিস কক্ষ খুলে মালামাল লুট করে। পরে আমি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানাই।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : অবৈধ চকো সিরাপসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ


