সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত হাজতির নাম আক্কাস আলী (৪৮)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা এবং আলী হোসেনের ছেলে।
কারা সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ১০টার দিকে কারাগারে থাকা অবস্থায় আক্কাস আলী হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানতে পেরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু হয়।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার সময়ই রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া জানান, আক্কাস আলী গত মে মাসে প্রতারণার (দণ্ডবিধির ৪২০ ধারা) একটি মামলায় হাজতি হিসেবে সুনামগঞ্জ জেলা কারাগারে আসেন। অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর ঘটনায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
হাজতির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
পড়ুন : সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু
সা/


