২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে ভাসছে স্পেন। ঐতিহাসিক এই অর্জনের পর নিজের ফুটবল জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম জানালেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস। ফাইনাল শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিশ্বকাপ জয়ের কৃতিত্বের একটি অংশ তাকে উৎসর্গ করেছেন এই তরুণ তারকা।
রোববার (১৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ের নায়ক ছিলেন ফেরান তোরেস। তবে এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিকো উইলিয়ামসও। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে নিকোর নিখুঁত হেড পাস থেকেই ফেরান তোরেস বল জালে জড়িয়ে স্পেনকে কাঙ্ক্ষিত জয় এনে দেন।
ম্যাচ শেষে আবেগাপ্লুত নিকো স্প্যানিশ গণমাধ্যমকে বলেন, “আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তার উদ্দেশে উৎসর্গ করছি।”
নেইমারের খেলার ধরন ও ব্যক্তিত্ব যে নিকোর ফুটবল দর্শনে বড় প্রভাব ফেলেছে, তার বক্তব্যে তা স্পষ্ট হয়েছে।
ফাইনালে শুধু অ্যাসিস্ট নয়, স্পেনের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন নিকো। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে একবার বল জালে পাঠালেও সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে ভিএআরের সিদ্ধান্তে গোলটি বাতিল হয়।
গোল বাতিল হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই জানিয়ে নিকো বলেন, “গোলটি বাতিল হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা বিশ্বকাপ জিতেছি। দলের সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন বা হতাশার কোনো মূল্য নেই।”
বিশ্বকাপজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে স্পেনের আক্রমণভাগকে শক্তিশালী করেছেন নিকো উইলিয়ামস। ফাইনালেও নিজের সেরাটা দিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচ শেষে নেইমারের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
পড়ুন: রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ফের গ্রেপ্তার
আর/


