সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারিভাবে ইজারার আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার দুপুরে কুতুবের চর মৎস্য আড়ৎ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ২০২৩ সালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে সলঙ্গার কুতুবের চর এলাকায় কুতুবের চর মৎস্য আড়ৎদার সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ মৎস্য আড়ৎ প্রতিষ্ঠা করা হয়। আড়ৎটি স্থাপনের জন্য স্থানীয়রা সরকারকে ৩০ শতক জমি দান করেন।
বক্তারা অভিযোগ করেন, প্রায় তিন বছর পার হলেও এখনো আড়ৎটি সরকারি ইজারার আওতায় আনা হয়নি। ফলে সরকার যেমন সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও হচ্ছে না। এতে মৎস্য ব্যবসা পরিচালনা ও সংশ্লিষ্ট শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা দ্রুত কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারি ইজারার আওতায় এনে এর উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী ও ইউসুফ আলীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
পড়ুন : স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণে আজ বৈঠক
সা/


