হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (২১ জুলাই) দুপুরে হবিগঞ্জে র্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা।
র্যাব জানায়, সোমবার সকালে বাহুবল উপজেলার চেরাগআলী ফিলিং স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের মূল হোতা লাল মিয়া (৩৯)কে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১৮ জুলাই মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে এবং ১৯ জুলাই নবীগঞ্জ উপজেলার আউশকান্দি টোল প্লাজা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিআই (DI) পিকআপসহ আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সময় দলের প্রধান লাল মিয়া মোটরসাইকেলে পালিয়ে যান। পরে ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার লাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির ৬টি, চুরি ও দস্যুতার ৭টি এবং মারামারি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার তিনি আসামি। তার বিরুদ্ধে কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ জানায়, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

