নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মী সাদিয়া আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় অভিযুক্ত পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পরিদর্শক মিন্টু কুমার।
তিনি জানান, গত ১২ জুলাই মিজমিজি বাতেনপাড়া এলাকায় সাদিয়া আক্তারকে হত্যা করা হয়। ঘটনার পরপরই নিহতের সাবেক স্বামী ইব্রাহিমকে চার ঘণ্টার মধ্যে গ্রেফতার করে পুলিশ। তবে পরবর্তী তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয়।
তদন্তে জানা যায়, স্বামী ইব্রাহিমের সঙ্গে বনিবনা না হওয়ায় সাদিয়া তাকে তালাক দেন। পরে পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। একপর্যায়ে সাদিয়া বিয়ের জন্য চাপ দিলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের এক পর্যায়ে রাজ্জাক সাদিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
পিবিআই জানায়, গত ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত সাদিয়ার বিক্রি করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।
পরিদর্শক মিন্টু কুমার বলেন, অভিযুক্ত আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
পড়ুন : নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরালেন…
সা/


