ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ সামন্তা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, আজ শনিবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। ওই দলে ৪ জন পুরুষ ও ২ জন নারী ছিলেন।
তবে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই সামন্তা বিওপির বিজিবির একটি টহল দলের নজরে আসে। বিজিবির তৎপরতায় বাধা পেয়ে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
ঘটনাটির বিষয়ে ইতোমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন রোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি জোরালো ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।
পড়ুন : বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
সা/


