ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার ইসলামপুর এলাকায় চারটি যানবাহনের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর বাটা জুতার কারখানার সামনে মহাসড়কের মূল লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কভারভ্যানও গতি কমিয়ে দেয়। একইভাবে কভারভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থামার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলের পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহন নামের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী দুইজন সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চলে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
দুর্ঘটনায় চারটি যানবাহন ও দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ।
পড়ুন: ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক না করলে সৌদির পারমাণবিক চুক্তি এগোবে না: ট্রাম্প
আর/


