গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ফ্লাইওভারের নিচে অবৈধ স্ট্যান্ড, অস্থায়ী ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সেসব উচ্ছেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালিয়াকৈর থানায় লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নিচে পিকআপ, কাভার্ডভ্যান ও রেন্ট-এ-কারের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। পাশাপাশি ইট, বালু, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত, অস্থায়ী দোকানপাট বসানোর কারণে সড়কের একাংশ দখল হয়ে পড়েছে। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, প্রায়ই যানজটের পাশাপাশি পথচারীদের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় ওই এলাকায় মাদক সেবন ও বিক্রি, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। বিশেষ করে নারী পোশাকশ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাতে চলাচলের সময় নিরাপত্তাহীনতায় ভোগেন।
এ অবস্থায় ফ্লাইওভারের নিচের অবৈধ দখল উচ্ছেদ, অবৈধ স্ট্যান্ড অপসারণ নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।
লিখিত আবেদনে সফিপুর বাজার এলাকার বাসিন্দা মো. খোকন আবেদনকারী হিসেবে স্বাক্ষর করেছেন।
সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচে সারিবদ্ধভাবে পিকআপ, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন পার্ক করা রয়েছে। এছাড়া ইট, বালু, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখার কারণে সড়কের একাংশ দখল হয়ে আছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সফিপুর এলাকায় এক গার্মেন্টসকর্মী ব্যাংক থেকে ৫ লাখ টাকা উত্তোলনের পর ছিনতাইয়ের শিকার হন। এছাড়া অতীতেও এলাকায় একাধিক ছিনতাই ও অপরাধের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, রাতের বেলায় কিছু চালক ও হেলপার ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন করেন, যা অপরাধপ্রবণতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে স্থানীয়দের ধারণা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা স্ট্যান্ড পরিচালনাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
সম্প্রতি সফিপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কর্মী শফিকুল ইসলাম বুলবুল (৫২) নিহত হন।
পুলিশ জানায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের দাবি, সফিপুর ও মৌচাক এলাকায় মহাসড়কসংলগ্ন বিভিন্ন স্থানে অতীতেও ছিনতাই, ছুরিকাঘাতসহ একাধিক অপরাধের ঘটনা ঘটেছে। তাই জননিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “লিখিত আবেদনটি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। কোথাও অবৈধ দখল বা জনদুর্ভোগের বিষয় প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুুুন : সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
সা/


