আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে এবং রাষ্ট্রের বিভিন্ন অর্জন নিজেদের নামে নেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের হোটেল মমো-ইনে অনুষ্ঠিত ‘উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন প্রেক্ষিত, সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ইতিহাসকে কখনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে মূল্যায়ন করা উচিত নয়। যে সময়ে যা ঘটেছে, ইতিহাসকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। নতুন নতুন তথ্যের ভিত্তিতে ইতিহাসের মূল্যায়ন হবে, তবে রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃত করা গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের নানা অর্জন নিজেদের নামে করার চেষ্টা করেছে।
বিএনপির প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে যখনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তখনই বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করেছে। মানুষের আস্থা বিএনপির প্রতি রয়েছে বলেই তারা দলটিকে ভোট দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নানা কৌশল নিলেও শেষ পর্যন্ত জনগণ বিএনপির ওপরই আস্থা রেখেছে। তাঁর দাবি, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী বলেন, গত ছয় মাসে তিনি প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রেখেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের করের টাকায় বেতনভুক্ত কর্মকর্তাদের সময়মতো দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান মন্ত্রণালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানার কারণে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারাও নিজেদের দায়িত্ব পালনে আরও সচেতন হচ্ছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তাঁর আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যুৎ খাতের পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। যারা নিজ নিজ ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাদের সিটি করপোরেশন করের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড়পুকুরিয়ায় ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ১০ জন সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেমিনারে উত্তরাঞ্চলের উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পড়ুন:কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের উপর সন্ত্রাসী হামলা
ইমি/


