কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ থেকে সদ্য পদত্যাগ করা সাবেক যুবজোট নেতা আনোয়ারুল কবির টুটুল সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টায় ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই সন্ত্রাসী ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারুল কবির টুটুল অভিযোগ করে বলেন, আমি প্রতিদিনের মতো শহরের গোডাউন মোড় অতিক্রম করে নিজ বাসায় ফেরার পথে এসডি টাওয়ারের সামনে পৌঁছালে অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। আমাকে হত্যার উদ্দেশ্যেই স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগের নেতৃত্বে সিজার, খোকন নেংরা (নওদাপাড়া), রুম্মন ও রুমনসহ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ আমাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আমি আত্মরক্ষার চেষ্টা করলে সিজার চাপাতি দিয়ে আমাকে কোপাতে থাকে। আমার সঙ্গে থাকা দুলাল চাচা ও নুরু ভাইও হামলায় আহত হয়েছেন।
তিনি আরো অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকারের প্রভাবশালী নেতৃবৃন্দের চ্ছত্রছায়ায় থেকে এরা ভেড়ামারায় সাধারণ মানুষকে নির্বিচারে অত্যাচার করে চলেছে। সোহাগ গং দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা, চাদাবাজী খুন জখমের মতো নানা অপরাধে জড়িত। এরা পতিত ফ্যাসিবাদ সরকারের প্রভাবশালী নেতার চ্ছত্রচায়ায় থেকেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, সেই একই কাজ করছে বর্তমান সরকারের নেতাদের চ্ছত্রচায়ায়।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ বলেন, এই ঘটনার সঙ্গে আমি বা আমার কোন লোক কেউ কোনোভাবেই জড়িত নই। পৌর মেয়র প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তা দেখে রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এসব অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, ভেড়ামারার কুখ্যাত ঈগল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে অনেক সন্ত্রাসী কার্যক্রম সে করেছে। তার হাতে নির্যাতরা এ কাজ করে থাকতে পারে বলেন তিনি।
হামলার শিকার টুটুলের ছোট ভাই শিমুল হোসেনের অভিযোগ, ‘পূর্ব থেকেই এই থ্রেট ভায়ের উপর ছিলো। ওরা বলেছিলো- জাসদের কোন নেতাকে আর ভেড়ামারাতে নির্বাচন করতে দেয়া হবেনা। সে কারনে ভাই গত ২৯ জুন এক সংবাদ সম্মেলন করে তার নিজ রাজনৈতিক দল জাসদের সকল পদ থেকে পদত্যাগ করেন, যাতে নিরপেক্ষ প্রার্থী হিসেবে আগামীতে জনগণের পাশে থেকে নাগরিক ও সামাজিক জীবনের উন্নয়নে কাজ করে যেতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত দলত্যাগ করেও হুমকিদাতাদের হামলা থেকে রেহায় পেলেন না’। তাদের হামলার ধরন দেখেই মনে হচ্ছে আনোয়ারুল কবির টুটুলকে কেবল পৌরসভা থেকে নয় বরং দুনিয়া থেকেই বিতাড়িত করার পরিকল্পনা রয়েছে। আমি অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি’।
সাবেক মেয়র টুটুলের সাথে থাকা দুই জন আহতের কথা অস্বীকার করে ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, গতরাতে সাবেক পৌর মেয়রের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কে বা কারা জড়িত সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এবিষয়ে এখনও কেউ কোন লিখিত অভিযোগ নিয়ে থানায় আসেনি। কি কারনে কারা এই হামলা করেছে তা সনাক্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।
পড়ুন:৬ সেপ্টেম্বর এমইউজের দ্বি-বার্ষিক নির্বাচন
ইমি/


