রাজধানীর ধানমন্ডিতে পরিত্যক্ত সুধা সদন থেকে শাকিল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে পরিত্যক্ত সুধা সদন বাড়িটির ২য় তলায় দরজার ওপরে ভেন্টিলেটরের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো জখমের চিহ্ন নেই।
তিনি জানান, ফিঙ্গার প্রিন্টের সাহায্য তার নাম পরিচয় সনাক্ত করা হয়। সে থাকত হাজারীবাগ রায়েরবাজার এলাকায়। ২২ মাস বয়সি একটি ছেলে সন্তান রয়েছে তার। সে মাদকাসক্ত ছিল। ঠিকমত কোনো কাজ করত না। ৪ মাসের বাসা ভাড়া দিতে না পারায় তাকে বাসা থেকে বের করে দেয়া হয়েছে। বর্তমানে সে ভবঘুরে জীবনযাপন করত। শুক্রবার (২৪ জুলাই) রাতে যে কোনো সময় সুধা সদন বাড়িটিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হবে।
সুধা সদন ছিল পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার বাসভবন। ‘সুধা মিয়া’ নামে পরিচিত হওয়ায় তার ডাকনাম অনুসারে বাড়িটির নাম রাখা হয় ‘সুধা সদন’। পরবর্তীকালে এটি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডির এই বাড়িতে কয়েক দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
পড়ুন : ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার, মামলা ২৯


