নোয়াখালীর সুবর্ণচরে আলোচিত এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির ছেলের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মো. রেদওয়ান হোসেন বাদী হয়ে চর জব্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুলাই সংঘটিত স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. কামাল উদ্দিন (প্রকাশ সিএনজি কামাল)-এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই বিকেলে অভিযুক্তের ছেলে মো. আশরাফ ও মো. হেলাল উদ্দিন সাংবাদিক মো. রেদওয়ান হোসেন ও মাহামুদুল হাসানকে মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং গ্রুপ কলের মাধ্যমে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সাংবাদিকদের একটি নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে হত্যার হুমকি দেয়। পাশাপাশি সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি প্রদান করা হয়।
এ ঘটনায় সাংবাদিকরা নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে সুবর্ণচর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। এ ঘটনায় সাংবাদিক মো. রেদওয়ান হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী


