বিজ্ঞাপন

পিকনিকের আড়ালে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ, উদ্বিগ্ন এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার বাঁশতুলী তুরাগ নদী ও মকশবিল এলাকায় পিকনিকের আড়ালে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন স্থান থেকে আসা তরুণ-তরুণীদের নিয়ে নৌকায় উচ্চ শব্দে গান-বাজনা, ডিজে পার্টি, মাদক সেবন ও অশোভন আচরণের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা, টাঙ্গাইল, জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে ভাড়া করা নৌকায় দলবদ্ধভাবে তরুণ-তরুণীরা তুরাগ নদীতে আসেন। এসব নৌকায় বড় সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জার মাধ্যমে দীর্ঘ সময় ধরে ডিজে পার্টির আয়োজন করা হয়।

এলাকাবাসীর দাবি, এসব আয়োজনের আড়ালে ইয়াবা, মদ ও গাঁজা সেবনের পাশাপাশি অশালীন নৃত্য ও অসামাজিক কর্মকাণ্ড চলে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার এলেই নদীর পরিবেশ বদলে যায়। বিকট শব্দের কারণে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের পড়াশোনায়ও সমস্যা হয়। পরিবার নিয়ে নদীর পাড়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, কিছু নৌকার মালিক অর্থের বিনিময়ে এসব আয়োজনের জন্য নৌকা ভাড়া দিয়ে থাকেন। এতে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

একজন স্থানীয় ইউপি সদস্য বলেন, কয়েকবার নিষেধ করা হলেও তারা তা মানেনি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, কিছুদিন আগে কালিয়াকৈর থানা পুলিশ নদীতে অভিযান চালিয়ে কয়েকটি পিকনিকের ট্রলার আটক করেছিল। এরপর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্প্রতি আবারও পিকনিকের নামে ডিজে পার্টি ও অশোভন কর্মকাণ্ড শুরু হয়েছে।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। নদীতে মাদক সেবন বা কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার নদী এলাকায় বিশেষ টহল জোরদার করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন