বিজ্ঞাপন

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ ক্রিস্টোফার নোলান

অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান আবারও ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের প্রতি নিজের গভীর আগ্রহ ও শ্রদ্ধার কথা জানিয়েছেন। এবার তার প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শনের সময় তিনি সত্যজিৎ রায়ের কালজয়ী ‘অপু ট্রিলজি’ সংগ্রহ করেন এবং ‘পথের পাঁচালী’কে অসাধারণ এক চলচ্চিত্র হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞাপন

ক্রাইটেরিয়ন কালেকশনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, নোলান বিভিন্ন ক্লাসিক সিনেমা ঘাঁটতে ঘাঁটতে ‘অপু ট্রিলজি’ হাতে তুলে নেন। এ সময় তিনি বলেন, সত্যজিৎ রায় ভারতের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা এবং ‘পথের পাঁচালী’ এমন একটি সিনেমা, যা তাকে গভীরভাবে আলোড়িত করেছে। তার ভাষায়, ছবিটি “রীতিমতো আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল।” তিনি আরও জানান, এখনো ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’ দেখা হয়নি। তাই পুরো গল্পটি শেষ করার জন্য ট্রিলজিটি সংগ্রহ করতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত।

১৯৫৫ সালে মুক্তি পাওয়া ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের জীবনসংগ্রাম এবং ছোট্ট অপুর বেড়ে ওঠার গল্প তুলে ধরা এই সিনেমাটি বাস্তবধর্মী নির্মাণশৈলী, মানবিক আবেগ ও অনবদ্য গল্প বলার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। পরবর্তীতে ‘অপরাজিত’ (১৯৫৬) এবং ‘অপুর সংসার’ (১৯৫৯) নিয়ে সম্পূর্ণ হয় বিখ্যাত ‘অপু ট্রিলজি’, যা বিশ্ব সিনেমার ইতিহাসে অন্যতম সেরা ট্রিলজি হিসেবে স্বীকৃত।

উল্লেখ্য, ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ বিশ্বখ্যাত ‘ক্রাইটেরিয়ন কালেকশন’-এর একটি বিশেষ সংগ্রহশালা, যেখানে এক হাজারেরও বেশি ক্লাসিক চলচ্চিত্র সংরক্ষিত রয়েছে। বিশ্বের খ্যাতিমান নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা এখানে এসে তাদের প্রিয় ও প্রভাবশালী চলচ্চিত্র সম্পর্কে মতামত প্রকাশ করেন।

এর আগে ‘দ্য ওডিসি’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভারত সফর করেছিলেন ক্রিস্টোফার নোলান। তার এই নতুন মন্তব্য সত্যজিৎ রায়ের আন্তর্জাতিক প্রভাব এবং বাংলা চলচ্চিত্রের বৈশ্বিক মর্যাদাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

পড়ুন:বিতর্কের পর দুর্দান্ত প্রত্যাবর্তন, জোড়া গোল নেইমারের

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন