বিশ্বকাপ শেষে ব্রাজিলে ফিরে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। সান্তোসের একটি ম্যাচে না খেলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে মাঠে ফিরেই পারফরম্যান্স দিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। প্রথম ম্যাচেই করেছেন জোড়া গোল।
গত রাতে ব্রাজিলিয়ান সিরি’আতে শাপকোয়েন্সের মুখোমুখি হয় সান্তোস। ম্যাচটির আগে অবনমন অঞ্চলের লড়াইয়ে থাকা দলটির হয়ে শুরু থেকেই ছাপ রাখেন নেইমার। সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জালের দেখা পেয়ে ম্যাচের অচলাবস্থা ভাঙেন তিনি।
এর আগে সান্তোস যখন কোপা সুদামেরিকানায় খেলছিল, তখন নেইমার ছিলেন একটি পোকার টুর্নামেন্টে। বিষয়টি নিয়ে সমর্থক ও সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
সেই সমালোচনার জবাব যেন উদযাপনেই দেন ৩৪ বছর বয়সী এই তারকা। প্রথম গোলের পর পোকার খেলার ভঙ্গিতে উদযাপন করেন তিনি। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শাপকোয়েন্স। তখন মনে হচ্ছিল, নেইমারের প্রত্যাবর্তন হয়তো হতাশাতেই শেষ হবে।
কিন্তু ম্যাচের শেষ দিকে আবারও জ্বলে ওঠেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে সান্তোসকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন তিনি। বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের পর কয়েক সপ্তাহ বিরতির পর এটি ছিল তার আবেগঘন প্রত্যাবর্তন।
চোট এবং ফিটনেসজনিত কারণে বিশ্বকাপ চলাকালে তাকে দলের সঙ্গে পাঠানো হয়নি। সে সময় তিনি ব্রাজিলেই ছিলেন।
সমালোচনার জবাবে এর আগে সান্তোসের অনুশীলন মাঠ থেকে এক ভিডিও বার্তায় নেইমার বলেন, ‘আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে যাইনি, কারণ আমি মাত্রই অনুশীলন শুরু করেছিলাম। পরের দিন আমার ছুটি ছিল।’
সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ‘এখন আমি অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা আমাকে সমালোচনা করতেই থাকবে? নিজের কাজে মন দাও।’
শাপকোয়েন্সের বিপক্ষে ম্যাচে আর কোনো বক্তব্য দেননি নেইমার। বরং জোড়া গোল এবং পোকার ভঙ্গিতে উদযাপনের মাধ্যমে নিজের বার্তাই পৌঁছে দিয়েছেন। এই উদযাপন সমালোচকদের কতটা থামাতে পারে, তা সময়ই বলবে। তবে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান এই তারকা।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: মিসাইলের মজুত শেষ হওয়ার শঙ্কার ইরানে মার্কিন হামলা বন্ধ
আর/


