মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে আজ (সোমবার) বিকেল ৫টার পর অনুষ্ঠিত হবে পদযাত্রা ও জনসমাবেশ। এ কর্মসূচিকে ঘিরে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশের মূল মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, ব্যানার-ফেস্টুন এবং নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। দুপুর থেকেই মেহেরপুরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
তবে সমাবেশের আগে সোমবার সকালে দুটি পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভোরে সমাবেশস্থলের কাছ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে সমাবেশস্থল অদূরে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যায়।
এ ঘটনার পর সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সমাবেশস্থলে প্রবেশের প্রতিটি পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সমাবেশে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ড. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং আলী আহসান জুনায়েদ।
সমাবেশে সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিব আহমাদ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, সকাল থেকে উদ্ধার হওয়া কুশপুত্তলিকা ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বিকেল ৫টার পর পদযাত্রা শুরু হওয়ার পর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে দলের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পড়ুন : চাকরির একটি পদের জন্য আবেদন পড়ছে পাঁচ-ছয় লাখ: মির্জা ফখরুল
সা/


