হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইরানের হরমুজ প্রণালিকেন্দ্রিক কৌশল অনুসরণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরা আল-জুবা।
তার ভাষ্য, ইরানের সমর্থনে হুথিরা যদি এ ধরনের কৌশল বাস্তবায়নে সফল হয়, তাহলে পারস্য উপসাগর ও লোহিত সাগরের প্রবেশমুখের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত অচল হয়ে পড়তে পারে। তিনি বলেন, বাব এল-মানদেব প্রণালি দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের ১২ থেকে ১৫ শতাংশ এবং বৈশ্বিক কনটেইনার পরিবহনের প্রায় ৩০ শতাংশ সম্পন্ন হয়। চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
জুলাইয়ের শুরুতে হুথিরা সৌদিমুখী বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নৌ-অবরোধ ঘোষণা করে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর জবাবে সৌদি আরব হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদায় বিমান হামলা চালায়।
সংশ্লিষ্টদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় সামরিক উত্তেজনার ঘটনা।
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি সমর্থিত ইয়েমেন সরকার সম্ভাব্য যেকোনো সামরিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ২০১৪ সালে রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর শুরু হওয়া সংঘাতে বিপুল প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দীর্ঘমেয়াদি অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: আল জাজিরা
পড়ুন: চীনের ১১টি যুদ্ধবিমান ভারতের দিকে তাক করে অবস্থান
আর/


