ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর বোর্দোর কাছাকাছি পৌঁছে গেছে ভয়াবহ দাবানল। শহরটি থেকে মাত্র ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঝুঁকি এড়াতে বিপুলসংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। খবর বিবিসির।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানল। তিনি জানান, তীব্র তাপমাত্রা ও বাতাসের কারণে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু জিরোন্দ অঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে এবং ধ্বংস হয়েছে ২৪০টি বাড়ি।
এদিকে প্রতিবেশী দেশ স্পেনেও বড় আকারের দাবানল ছড়িয়ে পড়েছে। মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আগুনের কারণে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রায় ২৭ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে দেশটিতে ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময়ে ১৩ হাজার ৫০০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, প্রতি ১০টি দাবানলের মধ্যে প্রায় ৯টিই মানুষের অসাবধানতা কিংবা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর কারণে সৃষ্টি হয়েছে।
পড়ুন: হেপাটাইটিস: প্রকার, কারণ, লক্ষণ ও প্রতিরোধ
আর/


