শুধু আইন প্রয়োগ ও শাস্তির মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল ভবিষ্যতে পাওয়া যাবে। মাদক যে ক্ষতিকর বিষয়, সে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
এ সময় তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন এবং সামাজিক সংগঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি, তবে প্রস্তুত কমিশন: সিইসি
আর/


