রাষ্ট্রপতি পদে থাকাকালে আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও দায়িত্ব ছাড়ার পর তার আগের বা পরবর্তী সময়ের যেকোনো অসদাচরণের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে কিছু আইনি সুরক্ষা থাকে। তবে পদে না থাকলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগের বা পরের কোনো অসদাচরণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ব্রিফিংয়ে তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। খাবার ও পানিতে এর উপস্থিতি পাওয়া যাচ্ছে। এমনকি টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
জ্বালানি খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি চতুর্থ এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, তবে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি ব্রিকসের সদস্যপদ পাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি, তবে প্রস্তুত কমিশন: সিইসি
আর/


