ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলাই তার একমাত্র লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, সাড়ে ১৭ বছর কোনো মিডিয়া স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বাংলাদেশে মানুষের কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন বিএনপি। সাড়ে ১৭ বছর দূরে থেকেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন আমার নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, আমি জেলা পরিষদের প্রশাসক হওয়ার পূর্বে যে মুরাদ ছিলাম, এখনো সেই মুরাদই আছি। আমরা যারা বিএনপিকে ভালোবাসি বা বিএনপি করি, তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই বিএনপি করি।
মুরাদ বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ধামরাইকে আধুনিক ও একটি মডেল শহর হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগ এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
এর আগে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রীবাড়ির মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। র্যালি ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এতে বক্তব্য রাখেন সাবেক ঢাকা জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুনীল শাহ, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম.এ জলিল এবং ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালি ও শোভাযাত্রায় অংশ নেন।
পড়ুন:পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু
ইমি/


