ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৮ বোতল ভারতীয় মাদকজাতীয় সিরাপ সহ দুইজনকে আটক করেছে পুলিশ। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ছিট কেটে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে মহেশপুর থানা পুলিশ এসব তথ্য জানায়।
আটক দুইজন হলেন, মহেশপুর উপজেলার সামন্তা এলাকার গোপালপুর গ্রামের আনসার কসাই ও পটিপাড়া গ্রামের হারুন অর রশিদ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) দিবাগত মধ্যরাতে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ঢাকা গামী একটি দুরপাল্লার যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২৮ বোতল মাদকজাতীয় সিরাপ সহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকদের কাছ থেকে মাদক বিক্রির টাকাও জব্দ করে পুলিশ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, যাত্রীবাহী বাসের সিটের নীচ থেকে বস্তায় ভরা অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মাদকজাতীয় সিরাপ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পড়ুন : হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সা/


