মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে চাচার হাসুয়ার কোপে গুরুতর আহত ভাতিজা নাহিদ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান আসামি লালন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নাহিদ হোসেন ভিটাপাড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং সম্পর্কে নিহতের চাচা।
স্থানীয়দের অভিযোগ, সাইকেল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে সোমবার রাতে লালন হোসেন হাসুয়া দিয়ে নাহিদকে কুপিয়ে গুরুতর আহত করেন। প্রথমে তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে, পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকা থেকে প্রধান আসামি লালন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মৃত্যুর পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন:ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী
ইমি/


