মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার। তবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়া নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হননি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ আকরাম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আওলাদ-এর সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ান জুয়েল, ছফির উদ্দিন টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মিয়াকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি। এ বিষয়ে তার বক্তব্য জানতে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত বিশ্বম্ভরপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
পড়ুন:রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ট্রাফিক ক্যামেরা
ইমি/


