ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ত্রিশাল ভাটিপাড়া দাইপাড়া এলাকায় স্থানীয় ডিম ব্যবসায়ী আতাউর রহমানের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মানিক মিয়ার ছেলে জিসান (২০) এবং ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি এলাকার মৃত সুরজত আলীর ছেলে সিরাজ (২২)। নিহত জিসান বর্তমানে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সেখান থেকে প্রতিদিন ত্রিশালে এসে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারও ডিম ব্যবসায়ী আতাউর রহমানের ওই ভবনে নির্মাণ কাজ করছিলেন জিসান ও সিরাজ। দুপুরের দিকে ভবনের তিন তলার ছাদ থেকে লোহার রড নামানোর সময় অসাবধানতাবশত পাশে থাকা সরকারি সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। রডটি বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথেই তারা দুজনেই ছাদ থেকে নিচে ছিটকে পড়ে যান। এতে তারা গুরুতর রক্তাক্ত জখম ও বিদ্যুৎস্পৃষ্ট হন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ জানান, লোহার রডটি পাশে থাকা সচল বিদ্যুৎ লাইনের সাথে লাগা মাত্রই দুই শ্রমিক তিন তলার ছাদ থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজনদের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
পড়ুন : মৃত্যুবরণকারী ১২ শ্রমিকের পরিবারের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ


