নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তিনটি গ্রামে শিয়ালের আকস্মিক হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাইকে জলাতঙ্ক (র্যাবিস) প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন ও শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন।
স্থানীয়দের ভাষ্য, বিকেলের পর হঠাৎ কয়েকটি শিয়াল লোকালয়ে প্রবেশ করে বাড়ির আঙিনা ও সড়কে থাকা মানুষজনের ওপর হামলা চালায়। একের পর এক মানুষকে কামড়ে আহত করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত দেলোয়ার হোসেন জানান, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিয়াল আচমকা এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।
আরেক আহত লিটন বলেন, শিয়ালগুলো অত্যন্ত আক্রমণাত্মক ছিল। একজনকে কামড়ানোর পরই দ্রুত অন্যজনের ওপর হামলা করছিল। এতে এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, আহত সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনও প্রদান করা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
পড়ুন :
সা/


