অতিরিক্ত কর আরোপ না করে রাজস্ব খাত সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নগরীর বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা।
বাজেট বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১,০৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। অন্যদিকে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা।
তিনি বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং বিদ্যমান আয় বৃদ্ধির মাধ্যমে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে রাস্তা, ড্রেন, সেতু ও কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খেলাধুলার উন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন এবং সুপেয় পানি সরবরাহসহ বিভিন্ন খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণা শেষে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পড়ুন : শাপলা চত্বরে গণহত্যা: ট্রাইব্যুনালে হাজির করা হলো লতিফ সিদ্দিকীকে
সা/


