ফিফা যদি তাদের টুর্নামেন্টগুলোর শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে তাহলে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশ আর বিশ্বকাপে খেলবে না। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফিফা যে প্রস্তাব ঘোষণা করেছে, সেটি নিয়ে আলোচনা করতেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর বিবিসির
এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, “আমরা সর্বসম্মতভাবে এবং স্পষ্টভাবে ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করছি— বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা যাবে না। বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য নয়। এটি ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে খেলোয়াড়, জাতীয় দল ও সমর্থকদের দ্বারা গড়ে উঠেছে। এর কোনো অংশ কখনোই বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।”
উয়েফা এর আগে দু’টি কঠোর বিবৃতিতে পরিকল্পনার বিরোধিতা করেছিল। এবার ভোটের মাধ্যমে সেই অবস্থান আরও স্পষ্ট হলো। বয়কট কার্যকর হলে ফিফার সব প্রতিযোগিতা—পুরুষ ও নারী বিশ্বকাপ থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত—এর আওতায় আসবে। তবে এই শর্ত প্রযোজ্য হবে যদি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাব সদস্য দেশগুলোর ভোটে পাস হয়।
উল্লেখ্য, ফিফার ঘোষণা— তারা বিশ্বকাপসহ বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে চায়, এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা— যা ফুটবল সমর্থক, রাজনীতিবিদ ও আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর মধ্যে বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে, বিশেষ করে ইউরোপের দলগুলো মাঝে।
ইনফান্তিনোর বড় যুক্তি হলো, চুক্তি সম্পন্ন হলে প্রতিটি ফিফা সদস্য দেশকে খেলার উন্নয়নের জন্য ৪০ মিলিয়ন ডলার (৩০ মিলিয়ন পাউন্ড) দেওয়া হবে। এর মধ্যে ইতিবাচক সাড়া দিলে প্রাথমিকভাবে ২০ মিলিয়ন ডলার (১৫ মিলিয়ন পাউন্ড) ১ জানুয়ারি থেকেই পাওয়া যাবে।
আর যারা এই পরিকল্পনার পক্ষে ভোট দেবে, তারা অতিরিক্ত আরও ২০ মিলিয়ন ডলার এককালীন বোনাস হিসেবে পাবে। অর্থাৎ প্রতিটি সদস্যদেশ চার বছরে মোট ৪০ মিলিয়ন ডলারের তহবিল পাবে। ২০৩৫ থেকে ২০৩৮ সালের মধ্যে এই সহায়তার পরিমাণ ২৪০ মিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
জবাবে উয়েফা বুধবার অভিযোগ করেছে, ফিফা ফুটবলকে ব্যবহার করছে নিজেদের এবং তাদের বন্ধুদের ধনী করার জন্য।
পড়ুন : ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা-স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা


