দেশজুড়ে টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পর থেকেই অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারে। এরমধ্যে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে কাঁচামরিচের দাম। কিছুদিন বাদেই পেরিয়ে যাচ্ছে শতকের একটি করে ধাপ।
এছাড়া নতুন করে বাড়ছে পেঁয়াজ ও ডিমের দাম। আর সবজির দাম চড়া হয়ে আটকে আছে দুই সপ্তাহ ধরেই। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে প্রতিকেজি একশো টাকার আশেপাশে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা। এখন বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
ঢাকার বাজারে প্রতি কেজি গোল বেগুন ছিল ১২০ থেকে ১৪০ টাকা। লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকা। করলা, বরবটি ও কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া কচুর লতির কেজি বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। ধুন্দুল, ঝিঙ্গে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শের কেজি কিনতে ক্রেতাকে খরচ করতে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা। আকারভেদে প্রতিটি লাউয়ের দাম হাঁকা হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা।
বর্ষার বাজারে একটু স্বস্তি দিচ্ছে কেবল পেঁপে। প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় কেনা যাচ্ছে। পেঁপে ছাড়া অন্য সবজি সপ্তাহ দুয়েক আগেও ২০ থেকে ৪০ টাকা কমে কেনা গেছে। এলাকাভিত্তিক বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারে এখনও কিছু কমে সবজি কিনতে পারছেন ক্রেতারা। সবচেয়ে বেশি দাম চড়েছে কাঁচামরিচের।
ডিম-মুরগির বাজারে গিয়ে দেখা গেলো, গত সপ্তাহের তুলনায় আরও কিছুটা বেড়েছে ফার্মের ডিমের দাম। গত সপ্তাহে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন দরে ডিম বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। আর একমাস আগে এ ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা।
অন্যদিকে, প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি জাতের মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
পড়ুন : মাইক্রোপ্লাস্টিক মানবদেহের স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলে?
সা/


