সিরাজগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে দুই শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙাবাড়ী এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে আগত রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রাও এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এ সময় মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন, সুখ পাখি সংগঠনের প্রতিষ্ঠাতা রজব শেখ, ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন, হাজী মোহাম্মদ শরিফুল ইসলাম খান, আব্দুল মতিন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক
সা/


