সৌদি আরবের চলমান অবরোধের পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির আটটি তেল ট্যাংকারকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির অংশ হিসেবে কৌশলগত বাব আল-মানদেব প্রণালি অতিক্রমের সময় এসব জাহাজে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
প্রেস টিভির খবরে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, ‘অবরোধের বদলে অবরোধ’ নীতির আওতায় এবং সৌদি তেল ট্যাংকারের বিরুদ্ধে নৌ অবরোধ জোরদার করার ফলে আটটি সৌদি তেল ট্যাংকার ‘স্ট্রেইট অব গুড হোপ’-এর দিকে তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
হুতিদের এ পদক্ষেপকে সৌদি আরবের ওপর চাপ বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অবরোধ আরোপের পাশাপাশি পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সামরিক, রাজনৈতিক ও সরবরাহসংক্রান্ত সহায়তা দেয়।
রাজনৈতিক অনিশ্চয়তার সময় সাবেক সরকারের শীর্ষ নেতারা দেশ ছাড়ার পর হুতিরা রাষ্ট্রীয় বিষয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘদিনের ওই সংঘাতে ইয়েমেনে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও সৌদি আরব ও তার মিত্রদের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি।
গত ২০ জুলাই ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক কার্যকর একটি নৌ অবরোধ ঘোষণা করে। এর লক্ষ্য ছিল ইয়েমেনের ওপর থেকে সৌদি আরবকে অবরোধ প্রত্যাহারে চাপ সৃষ্টি করা।
সাম্প্রতিক সময়ে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগর আল-হুদাইদাহতে হামলা চালানোর পর হুতিদের পক্ষ থেকে সৌদি তেলবাহী জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ আরও জোরদারের ঘোষণা আসে। একই সঙ্গে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের নতুন ধাপের নাম দিয়েছে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’।
পড়ুন: ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের, যুদ্ধে টিকে থাকা নিয়ে শঙ্কা
আর/


