ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দুই দলের স্কোর ছিল ১-১। উজবেকিস্তানের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে কি না, সেই অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোল বদলে দেয় ম্যাচের চিত্র। স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ‘এইচ’ গ্রুপের ম্যাচে এই জয় তুলে নেয় সাইফুল বারী টিটুর দল।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের বাড়ানো বল ডান প্রান্তে পেয়ে যান আলমিনা। তাঁকে ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন উজবেকিস্তানের গোলরক্ষক মারিয়া খালকুলোভা। পরিস্থিতি বুঝে চিপ শটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন আলমিনা।
তবে ১৭ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে উজবেকিস্তান। নিজেদের বক্সের কাছে বলের নিয়ন্ত্রণ হারান আইরিন খাতুন। সেই সুযোগে বল কেড়ে নিয়ে বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানি রায়কে পরাস্ত করেন লারাঙ্গিজ লাকায়েভা। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পরও দুই দল সমানতালে লড়াই চালিয়ে যায়। গোলের জন্য একাধিক চেষ্টা করলেও কেউই ব্যবধান বাড়াতে পারছিল না। বাংলাদেশের হয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে উজবেকিস্তানের বক্সে ঢুকে শট নেন আলপি আক্তার। তবে তাঁর প্রচেষ্টা আটকে দেন স্বাগতিক দলের গোলরক্ষক।
ম্যাচের শেষ দিকে জয়ের লক্ষ্যে আক্রমণ আরও জোরালো করে উজবেকিস্তান। বেশি খেলোয়াড়কে সামনে পাঠিয়ে গোলের চেষ্টা চালায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আক্রমণাত্মক অবস্থানের সুযোগ নেয় বাংলাদেশ।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সুরভী রানির দারুণ থ্রু পাস পেয়ে যান রুনা আক্তার। উজবেকিস্তানের গোলরক্ষকের মুখোমুখি হয়ে নিখুঁত শটে বল জালে পাঠান বাংলাদেশের এই ফরোয়ার্ড। তাঁর গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়।
এই জয়ের ফলে বাছাইপর্বের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়েছে উজবেকিস্তানের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা।
বাংলাদেশের সামনে এখন ফিলিপাইনের চ্যালেঞ্জ। আগামী রোববার (১১ অক্টোবর) গ্রুপের শেষ ম্যাচে দলটির মুখোমুখি হবে টিটুর শিষ্যরা। ওই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ।
বাছাইপর্বের আটটি গ্রুপের চ্যাম্পিয়ন দল চীনে অনুষ্ঠেয় মূল আসরে খেলার সুযোগ পাবে। ফলে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচটিই বাংলাদেশের মেয়েদের জন্য মূল পর্বে ওঠার গুরুত্বপূর্ণ লড়াই।
পড়ুন : শুক্রবার শুরু বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, যেভাবে দেখা যাবে
সা/


