বিজ্ঞাপন

পঞ্চগড়ে সীমান্তবর্তী মানুষের জন্য ১৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

শনিবার সকালে আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বিজিবির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা।

বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালে উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী দরিদ্র মানুষের চিকিৎসাসেবা গ্রহণ কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এদিনের ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার প্রায় ৪৫০ থেকে ৫০০ জন দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়।

সেবা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ পেয়ে তারা উপকৃত হয়েছেন। তারা সীমান্তবর্তী এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন