গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী মাজার থেকে সারদাগঞ্জ সাধুনগরের দিকে বয়ে যাওয়া সড়কের পাশে বনের একটি বড় গাছ আংশিক কেটে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিনতাই, ডাকাতি ও রাহাজানির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা দেখতে পান, সড়কের পাশের গাছটির একটি অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে রাখা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাছটির আংশিক কেটে রেখেছে। তাদের আশঙ্কা, গভীর রাতে এসে গাছটি সম্পূর্ণ ভেঙে বা টেনে সড়কের ওপর ফেলে যানবাহনের চলাচল গতিরোধ করে ছিনতাই, ডাকাতি বা রাহাজানির ঘটনা ঘটাতে পারে। অতীতেও ওই সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো একাধিক ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা। তাই আংশিক কাটা অবস্থায় গাছটি দেখে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, রাতের বেলায় এ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি তুলনামূলক কম থাকে। এ সুযোগে অপরাধীরা বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা অবিলম্বে কেটে রাখা গাছটি অপসারণ বা নিরাপদ ব্যবস্থা গ্রহণ, সড়কে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কাশিমপুর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
পড়ুন : কুড়িগ্রামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল


