গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা শহরের আলিয়া কামিল মাদরাসা মাঠ থেকে জুলাই গণমিছিল” নামে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিল শেষে কলেজ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইয়াসিন আলী সরকার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। তারা দাবি করেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে জনগণ কঠোর আন্দোলনে নামবে।
বক্তারা আরও বলেন, আপনারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি রক্ষা না করে বেইমানি ও মোনাফেকির পরিচয় দিচ্ছেন। প্রয়োজনে আমরা আবু সাইদ-মুগ্ধ হব, প্রয়োজনে জীবন দেব, তবুও জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়ব, ইনশাআল্লাহ।”
তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পড়ুন : চোখের সামনে গ্রাম গিলে খাচ্ছে ব্রহ্মপুত্র: ঘরবাড়ি হারিয়ে দিশেহারা শত পরিবার


