সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে চারজন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১৩৭ জন রোগী শনাক্ত করা হয়েছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, গত ১৫ মার্চ থেকে ৩০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ৪১০ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৫ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২২ জন। এই সময়ে ৯৪৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ৮৩ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ২৯৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১২ হাজার ৬২০ রোগী, যাদের মধ্যে এক লাখ আট হাজার ২৮৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
পড়ুন : পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান


