জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষিপুর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের প্রবল নদীভাঙনে লক্ষিপুর গ্রামের অর্ধশতাধিক পরিবার বসতভিটা ও আবাদি জমি হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে।
পরিস্থিতি মোকাবিলায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক রসূল মাহমুদ, সদস্য সামিউল হক লাভলু, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, যুবদল নেতা তানভীর হাসান তারেক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শাহজামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নদীভাঙন ঠেকাতে ১২০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়েছে।
জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হওয়ায় ভাঙনকবলিত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে স্থানীয়দের দাবি, স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত কাজ সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনে প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে আরও বিস্তৃত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পুরাতন ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙনে আরও বহু পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর ঝুঁকিতে পড়বে।
পড়ুন : দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু


