প্রায় আট মাস ১৪ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে কাঁচা মরিচবোঝাই তিনটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।
আমদানি শুরুর প্রথম দিনেই এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি হলেও বিকেলে তা কমে ২৫০ টাকায় নেমে এসেছে।
ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েক দিনে আমদানির পরিমাণ বাড়লে বাজারে দাম আরও কমবে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন করে আইপি অনুমোদনের পর ৬৯ জন আমদানিকারক প্রায় ২৯ হাজার ৭১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। পচনশীল পণ্য হওয়ায় দ্রুত কোয়ারেন্টাইন ছাড়পত্রও দেওয়া হচ্ছে।
আমদানিকারকদের দাবি, পর্যাপ্ত আমদানি হলে খুব শিগগিরই খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ১০০ টাকার নিচে নেমে আসতে পারে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

