রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারকালে এক জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা।
সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশের একটি টিম পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় পদ্মানদীর চরে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করার সময় মো. নবীজুল শেখ (১৯) নামে এক মৎস্য আহরণকারীকে হাতেনাতে আটক করেন। সে পাবনা জেলার আমিনপুর থানার ঢালাধারাই এলাকার মো. জয়নাল শেখের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে চারটি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ওই জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।তবে তিনি নদীতে উপস্থিত থাকা অন্যান্য জেলেদের মৎস্য সম্পদ রক্ষা ও জলজ প্রাণীর স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহার না করার জন্য সতর্ক করেন।
পড়ুন : কালিয়াকৈরে তীব্র তাপদাহ ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ ঘাটতি, বাড়ছে লোডশেডিং


