পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনটি ছিল পুরোপুরি পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে চাপে রেখে মঙ্গলবার পাকিস্তান তৃতীয় দিনের খেলা শেষ করেছে। হাতে ৪ উইকেট রেখে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে লিড কেবল ৬০ রান।
জাস্টিন গ্রেভস ১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে যোগ দেওয়ার অপেক্ষায় ব্রেন্ডন কিং, কেমার রোচ, শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যান। এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের করা ৩৪৪ রানের জবাবে অতিথিরা লিড নেয় ৪৩ রানের।
তৃতীয় দিন সবার চোখ ছিল অধিনায়ক বাবর আজমের ব্যাটে। ৮৬ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। চার বছর ও ৩৫ ইনিংস পর তার ব্যাটে সেঞ্চুরির অপেক্ষায় ছিল সমর্থকরা। কিন্তু হতাশ করেন বাবর। ২০ বল খেলে ২ রান যোগ করে রান আউট হন। ৮৮ রানে শেষ হয় তার ইনিংস।
আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া আব্দুল্লাহ শফিকের ইনিংস থামে ১৬০ রানে। শেষ দিকে সাজিদ খানের ৩০ রান বাদে অন্যান্য ব্যাটসম্যানরা তেমন অবদান রাখতে পারেননি। অভিষিক্ত আজওয়াইজ জাফর ১, সালমান আগা শূন্য, রিজওয়ান ১৮ রানে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার ছিলেন ওয়ারিক্যান। ১১২ রানে ৬ উইকেট নেন তিনি। বাঁহাতি স্পিনার বল করেছেন ৪৬ ওভার।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভালো হয়নি। স্পিনার সাজিদ খানের সামনে অসহায় আত্মসমর্পণ করেন স্বাগতিক ব্যাটাররা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া সাজিদ দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন সমান উইকেট। এছাড়া আলী উসমান পেয়ছেন ২ উইকেট।
সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। এই ম্যাচ জিততে পারলে সিরিজ ড্র করার স্বস্তি পাবে দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে অল্পরানে আটকে দ্বিতীয় ইনিংসে নিজেদের ব্যাটিংটাও ভালো করতে হবে পাকিস্তানকে।
পড়ুন : আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
সা/


