বিজ্ঞাপন

টরন্টো উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গর্বের খবর এনে দিলেন নির্মাতা রুবাইয়াত হোসেন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ার পর এবার তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ। এই নির্বাচন বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক অঙ্গনে অগ্রযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক আতঙ্ককে ঘিরে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ একঝাঁক তারকা।

আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। এছাড়া প্রযোজনায় অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রতিষ্ঠানগুলো, যা সিনেমাটিকে বৈশ্বিক পরিসরে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে।

এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে থাকছে ক্যানস চলচ্চিত্র উৎসবে ‘ক্যামেরা ডি’অর’ জয়ী রুয়ান্ডার নির্মাতা মেরি-ক্লেমেন্টাইন দুসাবেজাম্বোর ‘বেন’ইমানা’, জুরি প্রাইজপ্রাপ্ত জার্মান নির্মাতা বেলিস্কা গ্রিজবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ এবং ক্যানস ক্রিটিকস উইকের বিজয়ী মারিন আতলাঁর ‘লা গ্রাদিভা’।

এ ছাড়া ভেনিসের গোল্ডেন লায়নের প্রতিযোগিতায় থাকা মে এল-তৌখির ‘ওমেন আননোন’, ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’, অ্যানিমেশন চলচ্চিত্র ‘ট্যাঙ্গলস’, ‘দ্য ভায়োলিনিস্ট’, ‘হুলিয়ান’ ও ‘ভিভা কারমেন’-এর মতো আলোচিত সিনেমাও এবারের উৎসবে প্রদর্শিত হবে।

আগামী ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১তম আসর। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, সমালোচক ও চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যা দেশের চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন