মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদিয়া নাঈম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুস শহীদ খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাসনা, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, খেলাফত মজলিসের সভাপতি কাজী এনামুল হক, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের অধিকার ও স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করা প্রয়োজন। তারা গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় করার আহ্বান জানান।
আলোচনা সভার আগে ও পরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পড়ুন : কলমাকান্দায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক গাছের চারা রোপণ


