বিজ্ঞাপন

পৃথিবীর দিকে ধেয়ে আসা বিশাল গ্রহাণু

চীনের বিজ্ঞানীরা এবার পৃথিবীর দিকে ধেয়ে আসা বিশাল গ্রহাণু ঠেকাতে পারমাণবিক বিস্ফোরণ ব্যবহারের সম্ভাবনা নিয়ে বাস্তবভিত্তিক গবেষণা করেছেন। এতদিন বিষয়টি মূলত বিজ্ঞান কল্পকাহিনি বা হলিউডের সিনেমায় আলোচিত হলেও নতুন এই গবেষণায় দাবি করা হয়েছে, অল্প সময়ের সতর্কবার্তা পাওয়া গেলে এবং গ্রহাণুটি আকারে বড় হলে এর গভীরে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোই পৃথিবীকে রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাটি পরিচালনা করেছেন চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকেল টেকনোলজির বিজ্ঞানীরা। তাদের গবেষণা প্রকাশিত হয়েছে স্পেস: সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকীতে। গবেষকদের মতে, কয়েক শ’ মিটার থেকে এক কিলোমিটার ব্যাসের গ্রহাণুর ক্ষেত্রে প্রচলিত প্রতিরোধব্যবস্থা সব সময় কার্যকর নাও হতে পারে। বিশেষ করে সম্ভাব্য সংঘর্ষের আগে সময় খুব কম থাকলে পারমাণবিক প্রযুক্তিই সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হতে পারে।

গবেষণার কম্পিউটার সিমুলেশন অনুযায়ী, একটি মহাকাশযান প্রথমে বিশেষ ভেদকারী যন্ত্রের মাধ্যমে গ্রহাণুর গভীরে গর্ত তৈরি করবে। এরপর সেই গর্তে পারমাণবিক বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটানো হবে, যাতে গ্রহাণুর গতিপথ পরিবর্তন করা বা সেটিকে ধ্বংস করা সম্ভব হয়। এতে বিস্ফোরণের শক্তি, অবস্থান, উৎক্ষেপণযানের গতি এবং গ্রহাণুর গঠনসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে।

সিমুলেশনে দেখা গেছে, হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার তুলনায় প্রায় ২০০ গুণ শক্তিশালী বিস্ফোরণ প্রায় ১০০ মিটার ব্যাসের একটি গ্রহাণুকে চূর্ণবিচূর্ণ করতে পারে। এছাড়া গ্রহাণুর পৃষ্ঠ থেকে প্রায় ৩০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটানো হলে অগভীর বিস্ফোরণের তুলনায় প্রায় তিন গুণ বেশি কার্যকরভাবে এর গতিপথ পরিবর্তন করা সম্ভব। প্রায় এক কিলোমিটার ব্যাসের গ্রহাণুর ক্ষেত্রে ২০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটালে সেটির পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যেতে পারে বলেও দাবি করেছেন গবেষকেরা।

বর্তমানে নাসার ডার্ট মিশনসহ গ্রহাণুর গতিপথ পরিবর্তনের বিভিন্ন প্রযুক্তি থাকলেও বিজ্ঞানীদের মতে, বিশাল গ্রহাণু এবং খুব অল্প সময়ের সতর্কবার্তার ক্ষেত্রে সেগুলো যথেষ্ট কার্যকর নাও হতে পারে। তাই ভবিষ্যতে পৃথিবীকে সম্ভাব্য মহাজাগতিক বিপর্যয় থেকে রক্ষার পরিকল্পনায় এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।

পড়ুন:সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন