সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম মহাপ্রয়াণ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের সার্বিক দিকনির্দেশনায় প্রতিষ্ঠানের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, আবাসিক হলসমূহের প্রভোস্ট ও হাউজ টিউটর, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোমেনুর রসুল।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে একটি সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোমেনুর রসুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির নন, তিনি বিশ্বমানবতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর সাহিত্য, দর্শন, শিক্ষাচিন্তা ও মানবকল্যাণের আদর্শ আজও ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রচিন্তায় সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল চেতনাই রবীন্দ্র-ভাবধারার বিকাশ, গবেষণা ও চর্চাকে এগিয়ে নেওয়া, এবং শিক্ষার্থীদের রবীন্দ্রচর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথের শিক্ষা মুক্তচিন্তা, সৃজনশীলতা ও মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায় এবং নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র-দর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও বিভিন্ন গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন ও একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্যের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবির জীবন, কর্ম ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পড়ুন:কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
ইমি/


