জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের পরিবেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সব ছাত্রসংগঠনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে ছাত্রদল জানায়, তারা পূর্বঘোষিত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংগঠনটি ওই কর্মসূচি থেকে বিরত থাকে।
এতে বলা হয়, প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে একটি ছাত্রসংগঠনের কিছু নেতাকর্মী কর্মসূচি পালনের চেষ্টা করছে, যা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পরিপন্থী। এতে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত সব ছাত্রসংগঠনের ক্ষেত্রে সমানভাবে কার্যকর করার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের কর্মসূচি বন্ধ রাখার দাবি জানিয়ে বলা হয়, যদি কোনো একটি সংগঠনকে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়, তাহলে অন্য সংগঠনগুলোকেও একই সুযোগ দিতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করে ছাত্রদল বলেছে, সবার জন্য সমান নীতি অনুসরণ করা হলে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় থাকবে।
পড়ুন : প্রক্টরের অপসারণ সহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে জকসুর স্মারকলিপি


