মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম 1xBet-এর এজেন্ট হিসেবে পরিচিত ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ মিললে তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে ওয়াসিম হালদারকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ওয়াসিম হালদার মুজিবনগর থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে অনুসন্ধানে উঠে আসে, ওয়াসিম হালদার বাংলাদেশের প্রথমদিকের 1xBet অনলাইন ক্যাসিনোর এজেন্টদের একজন হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাংলাদেশের বাইরে ভারতেও তিনি এই প্ল্যাটফর্মের এজেন্ট নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তথ্য পাওয়া যায়।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, “মুজিবনগর থানার সাইবার সুরক্ষা আইনের আদালতে বিচারাধীন মামলার পলাতক আসামি হিসেবে ওয়াসিম হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানে অনলাইন জুয়া বা অন্য কোনো সাইবার অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন করে সাইবার আইনে মামলা করা হবে। অন্যথায় তাকে পূর্বের মামলায় আদালতে সোপর্দ করা হবে।”
পড়ুন : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত


