ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত হওয়া ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে জামালপুর কমিউটার ট্রেনটির ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ সময় বিকল্প ব্যবস্থা হিসেবে হাওর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গৌরীপুর হয়ে কিশোরগঞ্জের পথ দিয়ে ঢাকায় চলাচল করে।
উদ্ধারকাজ শেষ হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ রুটে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
আর/


