বগুড়ার এরুলিয়ায় একই দিনে আবারও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক নাতি আহত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া মহানগরীর আটাপাড়া এলাকার বাবুল হাসান (৫০) ও তাঁর স্ত্রী জেসমিন বিবি। বাবুল হাসান পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, বাবুল হাসান মোটরসাইকেলে করে স্ত্রী ও নাতিকে নিয়ে মিষ্টির প্যাকেটসহ নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে একই দিকে যাওয়া একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহত জেসমিন বিবি ও তাদের নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। আহত নাতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালেও একই এলাকার এরুলিয়া হাইস্কুল সংলগ্ন মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের ওপর উঠে গেলে সাতজন নিহত হন। একই দিনে একই এলাকায় পরপর দুটি প্রাণঘাতী দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পড়ুন : নেত্রকোনায় পাহাড়ি ঢলে কাঠের সেতু বিধ্বস্ত, দুর্ভোগে হাজারো মানুষ


