বিজ্ঞাপন

গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় নয়: রিজভী

সরকারের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দায়িত্বে অবহেলার ক্ষেত্রে আমলাতন্ত্রের কেউ কিংবা রাজনৈতিক ব্যক্তি—কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষের অন্ধকার দূর করতে বই বাতি বা বড় প্রদীপের মতো ভূমিকা পালন করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বর্তমানে মাইক্রোফোন, টেলিভিশন ক্যামেরা, অডিও রেকর্ডিং ও সাংবাদিকদের লেখালেখি—সবই বিজ্ঞানের অবদান বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও থিওরি বই আকারে প্রকাশিত হওয়ার কারণেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়ার ও চর্চার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে প্রতি বছর এবং প্রতিটি শতাব্দীতে নতুন নতুন আবিষ্কারের পথ তৈরি হয়েছে। তাই বইয়ের বিকল্প তৈরি হয়নি।

বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, বই না পড়লে, জ্ঞান অর্জন না করলে এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হলে মানুষের মনের জগত ও বিশ্বজগত—দুটিই অন্ধকারে থেকে যাবে। তার ভাষায়, বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলে মনের জগতের পাশাপাশি বহির্জগতের অন্ধকারও দূর করা সম্ভব।

সরকারের পাঁচ মাসের কর্মকাণ্ড প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, নির্বাচিত সরকার ও তারেক রহমানের সরকারকে নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে গত পাঁচ মাসে সরকার কী কী করেছে, তার পরিসংখ্যানসহ বিভিন্ন ঘটনা বইটিতে তুলে ধরা হয়েছে। এসব বিষয় জাতি জানে ও দেখেছে। তবে সব তথ্য একত্র করে সুসংগঠিতভাবে প্রকাশ করা হলে তা একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং সামনে হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ নিয়েছেন, তারও সংক্ষিপ্ত চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি বাংলাদেশের মাঠে-মাঠে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে কাজ করছেন। দিন-রাত পরিশ্রমের পাশাপাশি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হচ্ছে কি না, সেটিও তিনি নিজে পর্যবেক্ষণ করছেন।

রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো গাফিলতি করছেন না। কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আমলাতন্ত্রের কর্মকর্তা, বুরোক্রেসির কেউ কিংবা রাজনৈতিক ব্যক্তি—যেই হোক না কেন, দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শক্ত হাতে পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি যারা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন, তাদের অনুপ্রাণিত ও জনগণের কল্যাণে কাজ করতে উৎসাহিত করছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও প্রধানমন্ত্রীত্বে বিএনপি বা জোট সরকার জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে যেসব উদ্যোগ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেগুলোর মোটামুটি বিস্তৃত বিবরণ বইটিতে পাওয়া যাবে।

পড়ুন: জুলাই জাদুঘরে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের স্মৃতি না থাকায় নাহিদের ক্ষোভ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন